সারা দেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউতে পাশ করেছেন ৬ হাজার ২২৯ পরীক্ষার্থী। ফলাফল পেন্ডিং রাখা হয়েছে ৭ পরীক্ষার্থীর। শুক্রবার (১৭ নভেম্বর) মধ্যরাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় উপস্থিত ৩৪ হাজার ৬৪২ জনের মধ্যে পাশ করেছেন ৬ হাজার ২২৯ পরীক্ষার্থী। আবেদনকারীর সংখ্যা ছিল ৩৯ হাজার ১৯৮ জন। গতবারের এমসিকিউ পরীক্ষায় উপস্থিত ছিল ৮৪ শতাংশ পরীক্ষার্থী।
মূলত তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসাবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।
এনরোলমেন্টের পরবর্তী ধাপ লিখিত পরীক্ষার জন্য ২২ ডিসেম্বর ধার্য রয়েছে।