ইসরাইলিদের মধ্যে ৩৫ শতাংশ হার্টঅ্যাটাক বেড়েছে। হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এ হার বাড়ে। জেরুজালেমের শারে জেদেক মেডিকেল সেন্টারের কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ইসরাইলের চ্যানেল সেভেন ব্রডকাস্টার প্রকাশিত এ গবেষণায় দেখা গেছে, ইহুদি জনগোষ্ঠীর মধ্যে জরুরি হার্টের রোগীর হার বৃদ্ধি পেয়েছে। তবে ইসরাইলের আরব জনগোষ্ঠীর মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমেছে।
শারে জেদেক কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিটের পরিচালক এলাদ আশের জানান, যুদ্ধের প্রথম তিন মাসে প্রায় ১০০ জরুরি হার্ট অ্যাটাকের চিকিৎসা করা হয়েছে। গত বছর একই সময়ে যা ছিল মাত্র ৬৩। অর্থাৎ যুদ্ধের পর এ হার বেড়েছে ৩৫ শতাংশ।
এলাদ আশের আরও বলেন, জনগণের ওপর যুদ্ধের প্রভাব আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। যুদ্ধের কারণে মানুষ মানসিক চাপ, উদ্বেগ এবং ভয়ের মধ্যে থাকেন। এজন্য এ রোগীর সংখ্যা বেড়েছে।
উল্লেখ্য, গাজায় ইসরাইলের বর্বরতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। আর আহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। সূত্র: আল-জাজিরার