মাদক সেবনের জন্য ১০ টাকা না দেওয়ায় মা শেফালি বেগমকে হত্যা করার ঘটনায় ছেলে মো. জাফরের (২৭) আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি জাফর মাদকাসক্ত ছিল। ১০ টাকা চেয়ে না পেয়ে তিনি তার মাকে কুপিয়ে হত্যা করেন। আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
মামলার সূত্রে জানা যায়, চাকরি হারিয়ে বেকার জাফর ২০২০ সালের ২৮ আগস্ট সকালে মায়ের কাছ থেকে ১০ টাকা দাবি করে। তাকে টাকা না দেওয়ায় মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাকে তিনি কুপিয়ে হত্যা করেন।
জাফর রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ঢাকায় সুইপারের চাকরি করতেন।