দেশে এডিস মশাবাহিত ডেঙ্গিজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। সংক্রমণের এই ঊর্ধ্বমুখী ধারায় গত ২৪ ঘণ্টায় ২১৭ জনসহ চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসাবে দেশে ডেঙ্গি অক্রান্ত হয়ে বুধবার সকাল পর্যন্ত ১৮ হাজার ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিনের মতো বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দেশে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮ হাজার ৭ জন। এই ২৯ দিনে ৭ হাজার ৬৫১ জন ভর্তি হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯৫৭ জন। চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন। এর মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ এবং চলতি মাসের বুধবার পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৭৪ এবং ঢাকার বাইরে ৪৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৮৩ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭৭৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ২০৭ জন ভর্তি রয়েছেন।