চট্টগ্রামের হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। মৎস্য শিকারীদের জালে আটকে যাওয়ার কারণে ডলফিনটির মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এটি হালদা নদীর ৪৬ তম মৃত ডলফিন।
সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রামের হালদা নদীর হাটহাজারী উপজেলার কাটাখালী খাল থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর হালদা গবেষক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া।
তিনি বলেন, দুপুর ২টার দিকে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে মৃত মিঠা পানির গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়েছে। কাটাখালী খাল থেকে হালদা অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পের এ এস আই রমজান আলী, কনস্টেবল তাপস মল্লিক নেতৃত্বে এই মৃত ডলফিনটা উদ্ধার করা হয়েছে।
এ সময় তাদেরকে সহযোগিতা করেন নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক মুজিবুল হক, সদস্য মোহাম্মদ আলী, মো. ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রতিনিধি পিএইচডি গবেষক শাহ মোহাম্মদ কায়সার ও রিসার্চ এসোসিয়েট এ এইচ এম শিহার নেওয়াজ। তারা ডলফিনের সুরুতহাল শেষে ডলফিনটিকে নদীর পারে মাটিচাপা দেওয়া হয়।
উদ্ধার করা ডলফিনটির দৈর্য্য ৪৬ ইঞ্চি, প্রস্থ ৩২ ইঞ্চি এবং ওজন প্রায় ৩৭ কেজি। ডনফিনটি পচে যাওয়ায় এটিকে সংরক্ষণ করার ব্যবস্থা না থাকায় মাটিচাপা দেওয়া হয়। এটির ঠোঁট কেটে ফেলেছে মৎস্য শিকারীর। তাদের জালে আটকে যাওয়ার কারণে ডলফিনটির মৃত্যু হয়েছিল বলে ওই গবেষক ধারণা করছেন।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠা পানির কিছু ডলফিন এখনও হালদা নদীতে রয়েছে। তবে, বিগত ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৪৬ টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।