হবিগঞ্জের আজমিরীগঞ্জে যুবদল ও শ্রমিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাসেল মিয়া (৪৫) নামে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত রাসেল মিয়া কাকাইলছেও গ্রামের ছোরত আলীর ছেলে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার কাকাইলছেও বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুহিন সওদাগর এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এ অবস্থায় কুহিন সওদাগরের পিতাকে নিয়ে হান্নান মিয়ার পক্ষের কয়েকজন নেতাকর্মী ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জের ধরে উভয়পক্ষের লোকজন সোমবার রাতে প্রথম দফায় সংঘর্ষে লিপ্ত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন। মঙ্গলবার সকালে ফের উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।