জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক নামাজের পর খুতবা ও মোনাজাত পরিচালনা করেন। হাই কোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে সামনের কাতারে বসে নামাজ আদায় করেন তিনি। খুতবার পর অংশ নেন মোনাজাতে।
এরপর তিনি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ময়দান ছাড়েন। উপস্থিত জনতার পক্ষ থেকেও তখন শুভেচ্ছা জাননো হয়। এসময় জনতার মাঝ থেকে বলতে শোনা যায়, ‘স্যার আপনাকে ৫ বছর চাই।’
মোনাজাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এগিয়ে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিন উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।
এরপর প্রধান উপদেষ্টা সবাইকে ঈদ মোবারক জানান। সালাম দিয়ে তিনি বলেন, ‘সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।’