মোল্লা মো. আবু কাওসারকে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার(২৩ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
সম্প্রতি রাজধানীর ক্যাসিনো কারবারে ওয়ান্ডারার্স ক্লাবের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের প্রধান শিরোনামে আসেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা কাওসার।
এছাড়াও গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) মোল্লা কাওসারসহ তার স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা ও তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করে।