বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে এনশিমিরিমানা জসপিনের হ্যাটট্রিকে ৩-০ গোলে হারে বাংলাদেশ। গতবার ফিলিস্তিনের কাছে হেরে সেরা চার থেকে ছিটকে গিয়েছিল স্বাগতিকরা। ২০১৫ সালের রানার্সআপ হওয়া তাই সেরা সাফল্য হয়ে থাকল বাংলাদেশের।
শ্রীলঙ্কা ম্যাচে জোড়া গোল করা মতিন মিয়াকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড, তার জায়গায় নামেন মাহবুবুর রহমান সুফিল।
অষ্টম মিনিটে তার ছোট পাস ধরে মোহাম্মদ ইব্রাহিমের কাছের পোস্টে নেওয়া শট ফেরান গোলরক্ষক।
২২তম মিনিটে দিও মারসির ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন সুফিল। কিন্তু সময় নষ্ট করে সুযোগ হারান এই ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে জোড়া গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
৪২তম মিনিটে ডান দিক থেকে ব্যালানচার্ডের আড়াআড়ি ক্রস রায়হান হাসান পা বাড়িয়েও বিপদমুক্ত করতে পারেননি; তার পেছনে থাকা জসপিন নিখুঁত টোকায় জাল খুঁজে নেন। যোগ করা সময়ে ডান দিক থেকে ব্যালানচার্ডের ক্রসে চার ডিফেন্ডারের মাঝ থেকে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন জসপিন।
৪৮তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে গোলরক্ষককে একা পেয়েও তার গায়ে মেরে সুযোগ নষ্ট করেন সাদউদ্দিন। একটু পর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার দৃঢ়তায় ব্যবধান বাড়েনি। ৬১তম মিনিটে জামালের ক্রসে সুফিলের হেড হয় লক্ষ্যভ্রষ্ট। এরপর কর্নারে রিয়াদুল হাসান রাফির হেড পোস্টে লাগলে গ্যালারিতে আসা হাজার দশেক দর্শকের হতাশা বাড়ে।
গোলের জন্য মরিয়া বাংলাদেশ ভাগ্যের সহায়তাও পাচ্ছিল না। ৬৭তম মিনিটে জামালের কর্নারে সাদউদ্দিনের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। আট মিনিট পর জামালের ফ্রি-কিক দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক। বদলি রাকিব হোসেন ছোট ডি-বক্সের একটু বাইরে থেকে ক্রসবারের উপর দিয়ে মারেন।
৭৮তম মিনিটে জসপিন হ্যাটট্রিক পূরণ করলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথটা আরও কঠিন হয়ে যায়। প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা এই ফরোয়ার্ডের এটি সপ্তম গোল।
শেষ দিকে সাদের হেড ক্রসবারে লেগে গোল অধরাই থেকে যায় বাংলাদেশের।
এক জয় ও দুই হার নিয়ে গোল্ড কাপের ষষ্ঠ আসর শেষ করল বাংলাদেশ। গ্রুপ পর্বে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হারা ডের দল শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল।
গ্রুপ পর্বে মরিশাসকে ৪-১ ও সিশেলসেক ৩-১ গোলে হারানো বুরুন্ডি টানা তিন জয়ে ফাইনালে উঠল। আগামী শনিবার শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিনের।
খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।