বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন করোনা মুক্ত- বৃহস্পতিবার দুপুরের পর থেকে ভারতীয় সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। অনুরাগীরাও প্রিয় অভিনেতার সুস্থতার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। খবরটি অমিতাভের নজরে আসতেই করোনা মুক্ত হওয়ার খবর গুজব বলে উড়িয়ে দেন ৭৭ বছর বয়সী এই অভিনেতা।
করোনা মুক্ত হওয়ার খবর ভাইরাল হতেই নজরে আসে অমিতাভের। এরপর তড়িঘড়ি করে টুইটারে এক স্ট্যাটাসে এই অভিনেতা জানান, তিনি করোনা মুক্ত নন! এই খবর পুরোপুরি ভুয়া।
কিন্তু এই খবর ছড়িয়ে পড়লো কিভাবে? ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মুম্বাইয়ের স্বনামধন্য এক চলচিত্র পরিচালকই নাকি একটি টেলিভিশন চ্যানেলের কাছে জানান, অমিতাভ করোনা মুক্ত। আগামী দুই একদিনের মধ্যেই নাকি অমিতাভ এবং অভিষেক বচ্চনকে ছাড়পত্র দেবেন নানাবতী হাসপাতাল। এরপর ওই টেলিভিশনটি এই অভিনেতাকে নিয়ে খবর প্রকাশ করলেই তা অনান্য সংবাদমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
এরপর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসায় ভালো আছেন অমিতাভ বচ্চন। তবে এখনো আশঙ্কা কাটেনি। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।
গত ১১ জুলাই রাতে অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত। এরপর থেকেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। একই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতার ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনী আরাধ্যা বচ্চন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।