প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে পরিচালক মহেশ ভাটের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। সোমবার সকালে সান্তাক্রুজ থানায় প্রায় ৩ ঘণ্টা জেরা করা হয় তাকে। এ সময় তার বয়ান রেকর্ড করা হয়।
পুলিশকে এই পরিচালক জানান, ‘সড়ক ২’ ছবিতে মূল চরিত্রে অভিনয়ের প্রস্তাবই দেয়া হয়নি সুশান্তকে। পরিবর্তে সঞ্জয় দত্তের কথা ভাবা হয়েছিল। সুশান্ত অনুরোধ করেছিল যাতে ছোটখাটো কোনো চরিত্র হলেও অভিনয়ের সুযোগ দেয়া হয়।
মহেশ ভাটের দাবি, সুশান্তের সঙ্গে মাত্র দু’বার দেখা হয়েছিল তার। মহেশ ভাটের বয়ান অনুযায়ী, প্রথমবার ২০১৮ সালে দেখা হয়েছিল তাদের। আর দ্বিতীয়বার সুশান্তের বান্দ্রার বাড়িতে গিয়েছিলেন তিনি। সেই সময় দু’জনের ইউটিউব চ্যানেল এবং বইপত্র নিয়ে কথা হয়েছিল। তবে ছবিতে অভিনয় নিয়ে কোনো আলোচনা হয়নি।
জানা গেছে, সুশান্তের মৃত্যুর তদন্তে খুব শিগগিরই করণ জোহরের বয়ানও রেকর্ড করা হবে। কঙ্গনা রানাউত এবং করণ জোহরের ব্যক্তিগত সচিবকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে ভাইয়ের সঙ্গে বলা শেষ কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা। ভাইয়ের সঙ্গে সবশেষ ৯ জুন কথা হয়েছিল তার। সেই সময় সুশান্ত দিদির সঙ্গে দেখা করার আশাপ্রকাশও করেছিলেন। তবে তারপর আর এক সপ্তাহও গড়ায়নি আত্মঘাতী হন সুশান্ত।
অন্যদিকে, থানায় হাজিরা দেয়ার আগে একটি টুইট করেন মহেশ ভাট। সেখানে তিনি লেখেন, আমাদের এখানে উপস্থিতি মাত্র কয়েক পলকের। মৃত্যুর উপস্থিতিতে আমাদের গর্ব ভেঙে চুরমার হয়ে যায়। আমরা যেন আমাদের মৃত্যুকে স্বীকার করে নিতে পারি। এই পর্বটাও পার হয়ে যাবে। এই টুইটের পর ভক্তদের মনে প্রশ্ন উঠেছে- তিনি কী সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়েই কিছু বলতে চেয়েছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।