সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার একটি মাদ্রাসার বাথরুম থেকে আবু তালেব ওরফে আকাশ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সুলতানিয়া তাউফিযুল কোরআন মাদ্রাসা নামক ঐ মাদ্রাসার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই মাদ্রাসার হেফজখানার ছাত্র। নিহত ছাত্রের পিতার নাম জাহাঙ্গীর আলম। আবু তালেব ওরফে আকাশের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী গন্ধবপুর এলাকায়।

মাদ্রাসার প্রধান শিক্ষক নোমান আহমেদ জানান, বিকেলে মাদ্রসার বাথরুমে ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় আকাশকে দেখা যায়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তিনি বলেন, ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে। সেহেতু আত্মহত্যা। তবে নিহতের নানী মোসলেমা বেগম জানান, আমার নাতিকে মেরে বাথরুমে ঝুলিয়ে রেখে। আমি এর বিচার চাই। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) কামরুল ফারুক জানায়, আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত করছি। তদন্ত এবং পোষ্ট মর্টেম রিপোর্ট ছাড়া এ ব্যপারে কিছুই বলতে পারছি না। ৩০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার অমিত রায় বলেন, মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।