শেয়ারবাজারে ঢুকে পড়েছে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি সৌদি আরামকো। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিটি রিয়াদের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার টুইটারে আরবি ভাষায় লেখা এক পোস্টে তারা শেয়ার ছাড়ার এ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বিবিসি বলছে, ঘোষণায় কত শতাংশ শেয়ার ছাড়া হচ্ছে, বিস্তারিত কিছু বলেনি কোম্পানিটি।
তাদের ১ থেকে ২ শতাংশ শেয়ারবাজারে ছাড়তে যাচ্ছে বলে অনুমান ব্যবসায়িক সূত্রগুলোর। তবে এখনই বিদেশি শেয়ার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন আরামকোর চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়্যান।
১৯৩৩ সালে তেল অনুসন্ধান ও খনন কাজের জন্য সৌদি আরব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির (পরে শেভরন নামে পরিচিত হয়) সঙ্গে চুক্তি করলে সৌদি আরামকোর জন্ম হয়।
১৯৭৩ থেকে ১৯৮০ সালের মধ্যে রিয়াদ পুরো কোম্পানিটি কিনে নেয়। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ভেনিজুয়েলার পর সৌদি আরবের তেলের রিজার্ভই সবচেয়ে বেশি। তেল উত্তোলনের দিক থেকেও দেশটি দ্বিতীয়।
প্রথম যুক্তরাষ্ট্র। তুলনামূলক সস্তায় তেল উত্তোলন ও সমগ্র দেশের তেল সম্পদের ওপর একচ্ছত্র মালিকানার কারণেই আরামকো বিশ্বজুড়ে সবচেয়ে প্রভাবশালী তেল কোম্পানিতে পরিণত হয়। খবর যুগান্তর।