বগুড়া জেলার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রাজধানী ঢাকা থেকে বগুড়াগামী এসআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৬ জন মারা যান। আহত হন আরও ১০ জন।
আরও পড়ুন- কাশিয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইমামের মৃত্যু
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
দুর্ঘটনার হতাহতের সংখ্যা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ করছে পুলিশ।