চাকরি দেওয়ার কথা বলে ৩৫ জনের কাছ থেকে ২ কোটি টাকা নিয়ে নজরুল ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে তাদের চাকুরী দেওয়ার কথা ছিলো।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পৌর শহরের একটি ভবনে আত্মসাৎকৃত টাকা ফেরত পেতে ও প্রতারক নজরুল ইসলামের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে মঞ্জুরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে মঞ্জুরুল ইসলাম উল্লেখ করেন, উপজেলার পাতাকাটা গ্রামের বাসিন্দা ও গুদিঘাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম ২০২০ সাল থেকে মঠবাড়িয়া উপজেলায় গুদিঘাটা সরোজিনী, বড় মাছুয়া খেজুরবাড়িয়া, ছোট মাছুয়া, ফুলঝুড়ী সৈয়দ মেমোরিয়াল ও নলী সরদারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে ৫টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওই ৫টি বিদ্যালয়ে নিজেকে সভাপতি বলে প্রচার চালান। বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরপর বিভিন্ন প্রলোভনে নানা কৌশলে ৩৫ জনের কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেন।
গত ৫ আগস্টের পরপরই ওই প্রতারক শিক্ষক পরিবারের সব সদস্যদের নিয়ে আত্মগোপনে গেলে প্রতারণার বিষয়টি জানতে পারেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী মিসেস সালমা সুলতানা, সাইদুর রহমান, মো. হাসান, শিমু আক্তার, অন্তর কুমার, মুন্নি আক্তার, মো. মামুন, মোসা. সাবিনা ইয়াসমিন, মো. বাবু, মোসা. হাসিনা বেগম, সাইদুল ইসলাম, খোকন মল্লিক ও অভিভাবক মো. শহিদুল ইসলাম।
অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম ৫ আগস্টের পর সপরিবারে পলাতক থাকায় সাংবাদিকরা তার বক্তব্য নিতে পারেননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।