রোজার ঈদের বাকি আছে দু’মাস। এবারের ঈদে শাকিব খানের কোন সিনেমা দর্শকেরা দেখতে পাবেন কিনা সেটি নিয়ে অনেকটা সংশয়ের মধ্যেই ছিলো তার ভক্তরা। তবে বহু অপেক্ষার অবসান ঘটিয়ে জানা গেলো এবারের ঈদে ‘নবাব এলএলবি’ নিয়ে হলে আসছেন তিনি। পরিচালক অনন্য মামুন পরিচালিত এ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন মাহিয়া মাহি এবং অর্চিতা স্পর্শিয়া।
আগামী ২৮শে মার্চ শাকিব খানের জন্মদিনেই সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা ছিল পরিচালকের। তবে গতকাল শাকিব খান বলেন, করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্ব এখন আতঙ্কে সময় কাটাচ্ছে। অস্থির এই সময়ে আমি জমকালোভাবে জন্মদিন পালন করার কথা চিন্তাই করতে পারি না। তাই আপাতত আমি শুটিং বন্ধ রেখেছি। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে এপ্রিলের দিকে এ ছবির কাজ শুরুর ইচ্ছা রয়েছে।
ভক্তদের উদ্দেশ্য করে ঢালিউডের এই নায়ক বলেন- ভক্ত ও দর্শকের নিকট আমার চাওয়া, সকলে যেন নিরাপদে থাকে। জরুরি কাজ ছাড়া আমিও বাইরে যাচ্ছি না।
উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘নবাব’ ছবিটি। তবে ‘নবাব এলএলবি’ সিনেমাটি সেই ছবির রিমেক নয় বলেও জানান নির্মাতা। এ ছবিতে শাকিব খান একজন আইনজিবীর চরিত্রে অভিনয় করবেন। ‘নবাব এলএলবি’ প্রযোজনা করছে সেলিব্রিটি প্রোডাকশন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।