জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় শত বছরের বেশি পুরোনো ৩৪টি মুদ্রা জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার ১২ অক্টোবর আক্কেলপুর থানার পুলিশ উপজেলার গণিপুর উত্তর পাড়া গ্রাম থেকে মুদ্রাগুলো জব্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গণিপুর উত্তর পাড়া গ্রামের একটি অনেক পুরোনো বাড়ি ভাঙার সময় শ্রমিকেরা মাটির দেয়াল খুঁড়তে গিয়ে একটি ছোট্ট পাতিলের ভেতরে কিছু মুদ্রা পান। মুদ্রা পেয়ে শ্রমিকরা কাউকে না জানিয়ে তারা লুকিয়ে রাখেন। তারপরে কুড়িয়ে পাওয়া মুদ্রাগুলোকে ‘গুপ্তধন’ বিবেচনা করে শ্রমিকরা নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে নিজেরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে। এতে ঘটনাটি জানাজানি হয়। পরে পুরোনো মুদ্রাগুলো নিয়ে এলাকায় চ্যঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। মুদ্রাগুলো একনজর দেখতে ছুটে আসেন গ্রামবাসীরা। অবশেষে ঘটনাটি পুলিশের নজরে আসে।পরে পুলিশ বৃহস্পতিবার বিকেলে তিনজন শ্রমিক এবং একজন গ্রামবাসীর কাছ থেকে ৩৪টি মুদ্রা জব্দ করে থানায় নিয়ে যায়। গতকাল শুক্রবার(১১ অক্টোবর) দুপুরের দিকে পুলিশ মুদ্রাগুলো স্থানীয় সাংবাদিকদের দেখায়। মুদ্রাগুলোতে ১৮৮২, ১৮৮৭, ১৮৯১, ১৮৯২, ১৯০৫, ১৯০৭ ও ১৯১২ সাল লেখা রয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় সাংবাদিকদের জানান, উপজেলার গণিপুর উত্তরপাড়া গ্রামের একটি মাটির বাড়ি ভাঙ্গার সময় শত বছরের পুরনো পয়সা(মুদ্রা) উদ্ধার করা হয়েছে।