লালমনিরহাটে ব্রজপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৭ জুলাই) সকালে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ সেখসুন্দর এলাকায় বজ্রপাতে আবু হানিফ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এর আগে জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিন দলগ্রাম এলাকায় বজ্রপাতে আমিনুর ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন ও হাতীবান্ধা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
আরও পড়ুন- বজ্রপাতে নিহত ৬৮
স্থানীয়রা জানান, হাতীবান্ধার নিজ সেখসুন্দর এলাকায় বৃষ্টির সময় বাড়ির পাশের জমিতে আমন ধানের চারা রোপন করছিলো ওই এলাকার জমসের আলীর পুত্র আবু হানিফসহ ৪ জন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আবু হানিফের মৃত্যু ঘটে। ওই বজ্রপাতে রমজান আলী ও সুরমানসহ ৩ জন আহত হয়েছে।
এর আগে কালীগঞ্জ উপজেলার দক্ষিন দলগ্রাম এলাকার হানিফ মিয়ার পুত্র আমিনুর ইসলাম বাড়ি থেকে বাজার আসার সময় বজ্রপাতের শিকার হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এ ছাড়া জেলায় বজ্রপাতে আরো ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।