বান্দরবান জেলার লামায় বন্যহাতির আক্রমণে এক নারী রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নারী রাবার শ্রমিকের নাম হাজেরা বেগম (৪৬)। তিনি উপজেলার গরুরলোড়াপাড়ার বাসিন্দা মোঃ নুরুল আলমের স্ত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ বুধবার সকাল ৭টার দিকে হাজেরা বেগম বাড়ির পাশে মোস্তফা রাবার বাগানে কাজ করতে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন।পরে গুরুতর আহত অবস্থায় হাজেরাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন- কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু
এসময় বন্যহাতির দল স্থানীয় ফারুকের খামার বাড়ি ভাঙচুর ও কৃষক আমির আলীর ফসল নষ্ট করে।
আজিজনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘এখনো হাতিগুলো এলাকায় অবস্থান করায় স্থানীয়রা আতঙ্কে আছেন। যে কোনো মুহূর্তে তাণ্ডব চালিয়ে জান ও মালের ক্ষতিসাধন করতে পারে।’
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার জানান, বন্যহাতির আক্রমণে নিহত হাজেরা বেগমের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে।