কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন বলে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘এই অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ পর্যন্ত ১১ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। দেড় শতাধিক শিশুসহ অসংখ্য নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছেন। হাজার-হাজার রোহিঙ্গা শরণার্থী বাড়িঘর, আসবাবপত্র হাড়িয়ে খোলা আকাশের নীচে অত্যন্ত মানবেতর অবস্থায় দিনযাপন করছেন।’
মির্জা ফখরুল এ ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে ক্ষতিগ্রস্ত ও আহতদের প্রতি সমবেদনা জানান। তিনি সরকার ও আন্তর্জাতিক সংস্থার প্রতি তাদের পুনর্বাসন ও সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করারও দাবি জানান তিনি।
মিয়ানমারে হত্যা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এখন পর্যন্ত কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ এনে সরকারের সমালোচনা করেন এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
সোমবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে উখিয়ার বালুখালীর ৮-ই ও ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তা মুহূর্তে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও। সর্বশেষ রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় প্রায় সাড়ে ১০ হাজারেও বেশি রোহিঙ্গাদের ঝুপড়ি ঘর। এছাড়া পুড়ে গেছে দেশি-বিদেশি বিভিন্ন এনজিও অফিস ও পুলিশ ব্যারাক।
এ ঘটনায় ১১ জনের প্রাণহানি ঘটে। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া অনেকে নিখোঁজ রয়েছেন বলেও জানান গেছে।