সারাদিন রোজা থাকার পর ইফতারে কতটুকুই বা পানি পান করা যায়! আবার সেহরি পর্যন্ত সময়ের মধ্যে এই খাবার সেই খাবার খেতে তো সময় ফুরিয়ে যায়। সব মিলিয়ে দেখা যায় এক বা দেড় লিটারের বেশি পানি কেউই পান করতে পারে না।
এর থেকে শরীরে দেখা দিতে পারে পানিশূন্যতা। এই সময় শরীরের আর্দ্রতা ধরে রাখার একমাত্র উপায় বেশি পানি পান করা। সাধারণ সময়ে যে পরিমাণ পানি বা খাবার আমরা গ্রহণ করি, রোজায় তার থেকে কম খাওয়া হয়। তাই এই গরমে রোজার সময় পানিশূন্যতা দেখা দিলে যা করবেন:
> ইফতারে অন্য শরবতের সঙ্গে প্রতিদিন চেষ্টা করুন এক গ্লাস ডাবের পানি পান করতে। ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে। এটা প্রাকৃতিক উপায়ে দেহে পানির ঘাটতি পূরণ করে।
> পানির সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করলে ভালো সুফল মিলবে। এতে শরীরের পানি শুন্যতার পাশাপাশি রোগ প্রতেরোধ ক্ষমতাও বাড়বে।
> পানির মধ্যে এক টুকরো শশার বরফ বা কয়েক টুকরো শশা দিয়ে পান করুন। মুহূর্তেই ক্লান্তি দূর হয়ে যাবে।
> এক গ্লাস পানিতে এক টুকরো লেবুর রস মিশিয়ে নিলেই পানি পান করতে আগ্রহ বাড়বে।
> বেশি গরমে দুইবার গোসল করুন। সেই সঙ্গে বারবার পানির ঝাপটা দিন চোখে মুখে।
> শিশুরা পানিশূন্যতায় আক্রান্ত হলে স্যালাইন খাওয়ান। বারবার তরল জাতীয় খাবার খেতে দেয়ার পাশাপাশি দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।