নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফাজতে ইসলামের অন্যতম নেতা উপজেলার স্থানীয় মর্তুজাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) রাত ১১টায় তাকে মর্তূজাবাদ এলাকার মসজিদ সংলগ্ন খতিবের আবাসিক কক্ষ থেকে গ্রেফতার করা হয়।
ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস প্রদান এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা হাঙ্গামা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তূজাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী মামুনুল হকের পক্ষ নিয়ে ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন।
আরও পড়ুন- হেফাজতের সহিংসতার ঘটনায় র্যাবের হাতে নাসিক কাউন্সিলর ইকবাল গ্রেফতার
এছাড়া গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের সময় মাওলানা লোকমান জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় ঘটে যাওয়া তান্ডবে অংশগ্রহণ করেন বলে পুলিশ নিশ্চিত হয়।
এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার রাত ১১টায় ওসির নেতৃত্বে একদল পুলিশ মসজিদ সংলগ্ন খতিবের আবাসিক কক্ষ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিনীকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।