স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, রাজশাহী অঞ্চলের আর্থ-সামাজিক, উজ্জ্বল ইতিহাস, ঊর্বর ভূমি, ঐতিহাসিক দর্শনীয় স্থান এবং পারিপার্শ্বিক অবস্থাসহ এর উপযোগিতা কাজে লাগাতে পারলে এ শহর দেশের মধ্যে একটি উন্নত নগরীতে রূপান্তরিত হবে।
তিনি আজ শনিবার (১৩ মার্চ) রাজশাহী সফরে এসে রাজশাহী সিটি কর্পোরেশনসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের অধীনে বাস্তবায়িত এবং চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রী বলেন, রাজশাহীর উপযোগিতা অনুযায়ী অনেক উন্নয়ন করা সম্ভব। জনবসতি, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার উপযুক্ত জায়গা এটি। এ অঞ্চলে যে উন্নয়ন অব্যাহত রয়েছে তা বাস্তবায়িত হলে এ শহর দেশের মধ্যে একটি অনন্য নগরীতে রূপান্তরিত হবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র অত্যন্ত পরিকল্পিতভাবে উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছেন উল্লেখ করে মোঃ তাজুল ইসলাম বলেন, রাজশাহীর উন্নয়নের জন্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে অনেক বরাদ্দ দেওয়া হয়েছে এবং উন্নয়নের স্বার্থ প্রয়োজনে আরও বরাদ্দ দেয়া হবে বলে।
পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এমস খায়রুজ্জামান লিটন, সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- খেলাধুলা বা শারীরিক ব্যায়াম করার কোনো বয়স নেই: এলজিআরডি মন্ত্রী
এর আগে সার্কিট হাউসে আয়োজিত স্থানীয় সরকার বিভাগের আওতায় রাজশাহী বিভাগে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট দপ্তর/সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মন্ত্রী বলেন, দেশের নাগরিক হিসেবে শহর, গ্রাম-গঞ্জে যে যেখানেই বসবাস করুক না কেন সবাই রাষ্ট্রের প্রদেয় সকল নাগরিক সুবিধা পাবেন। সবার উন্নত জীবন ব্যবস্থা করতে পারলেই বাংলাদেশে উন্নত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ, এইচ, এম কামরুজ্জামানের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এছাড়া শাহ মখদুম (র.) এর কবর জিয়ারত করেন মন্ত্রী।