ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারাদেশে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়। ভূকম্পে রাজধানী ঢাকার পুরান ঢাকার বংশালে রেলিং ধসে তিনজন পথচারী নিহত হন। এছাড়া নারায়ণগঞ্জে দুইজন ও নরসিংদীতে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছেন।
জানা যায়, ভূমিকম্পের সময় পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। রেলিং ধসে নিহত তিনজনের মধ্যে এক শিশুও রয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে রূপগঞ্জ উপজেলায় ভূকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। একই উপজেলায় ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এছাড়া ওই জেলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
অপরদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন। একই উপজেলায় ভূমিকম্পে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এ বৃদ্ধের মৃত্যু হয়েছ। জেলার পলাশের মালিতা গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও ভূমিকম্পে জেলাজুড়ে অন্তত ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসঙ্গে ৩ জন আহত হন।
রিক্টার স্কিলে ৫ দশমিক ৭ মাত্রার ভুমিকম্পে রিক্টার স্কিলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার সর্বত্র একযোগে শক্তিশালী ভুমিকম্প অনুভুত হয়। ভূকম্পনের সময় বিল্ডিংগুলোর দরজা- জানালা কেঁপে ওঠে ও দেয়াল, ফ্লোর দুলে ওঠে। শিশু, নারী ও বয়স্কদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দৌড়ে খোলা স্থানে গিয়ে দাঁড়ান। স্থানীয় বাসিন্দারা বহুতল ভবন, বাণিজ্যিক ভবন, শপিংমলসহ বাসাবাড়ি থেকে তারাহুড়ো করে নামতে গিয়ে বহু আহত হয়েছেন। অনেককেই হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। অনেক ভবনের দেয়ালে দেয়ালে ফাঁটলও দেখা দিয়েছেন।
৩০ বছরের মধ্যে বড় ভূমিকম্প এটি : ভূমিকম্প সম্পর্কে ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানিয়েছেন নতুন তথ্য। তিনি জানিয়েছেন, ‘গত ৩০ বছরের মধ্যে দেশে সবচেয়ে বড় ভূমিকম্প এটি। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। তার পরের তথ্যটিতে পরিষ্কার হয়, এই ভূমিকম্পের শক্তিমত্তা কতটুকু। তিনি জানান, ‘এক ভয়াবহ হিরোসিমা, নাগাসাকিতে ফেলা একটি বোমা যে শক্তি রিলিজ করে, আজকের ভূমিকম্প সেই মাত্রার শক্তি রিলিজ করেছে। এই ভূমিকম্পে শুধু বাংলাদেশ নয়, ভারতও কেঁপে উঠেছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ এর আশপাশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।