পুদিনা পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এ পাতার রয়েছে নানা ঔষধি গুণ। তাছাড়া এর সুগন্ধের কারণে সবজি, চা, সালাদ বা বোরহানির সঙ্গে অনেকে পুদিনা পাতা খান।
তবে সবসময় বাজার থেকে পুদিনা পাতা কিনে আনাটাও কষ্টকর। তাই একটু সময় নিয়ে নিজেই চাষ করুন পুদিনা পাতার গাছ। এর জন্য খুব বেশি জায়গার প্রয়োজন নেই। বাড়ির ছাদে বা বারান্দায় পুদিনা পাতার গাছা চাষ করা যায় সহজেই। তাও কম পরিশ্রম ও ঝামেলাহীনভাবেই।
পুদিনা গাছের বৈশিষ্ট্য
পুদিনা একটি সাধারণ আগাছা ধরনের গাছ। কাণ্ড ও পাতা বেশ নরম। কাণ্ডের রঙ বেগুনি, পাতার রঙ সবুজ। পাতা ডিম্বাকার, পাতার কিনারা খাঁজকাটা। সারা বছর পুদিনা পাতা হাতের কাছে পেতে চাইলে বাড়ির ছাদ অথবা বারান্দায় অতি সহজেই এই পুদিনা গাছ চাষ করা যায়। চলুন জেনে নেয়া যাক পুদিনা গাছা চাষ করার সহজ পদ্ধতি-
পুদিনা গাছ চাষের পদ্ধতি
প্রায় সব মাটিতেই পুদিনা পাতার চাষ করা যায়। ১০ থেকে ১২ ইঞ্চি মাটির টব এমনকি তেলের কন্টেইনারেও এর চাষ সম্ভব। টবের মাটির সঙ্গে কিছু জৈব সার অথবা গোবর ভালোভাবে মিশিয়ে নিন। তাতে পানি দিয়ে ৬ থেকে ৭ দিন রেখে দিন। মাটি কিছুটা শুকিয়ে এলে তাতে পুদিনা পাতার কাটিং লাগিয়ে দিন। কাটিং সংগ্রহের সময় পুরানো ডাল শিকড়সহ কেটে আনতে পারলে ভালো হয়। টবে বা কন্টেইনারে কাটিং রোপনের কিছুদিনের মধ্যেই পুদিনা পাতার গাছে টব ভরে যাবে।
পুদিনা গাছের তেমন কোনো যত্নের দরকার হয় না, শুধু প্রয়োজন অনুসারে মাঝে মাঝে পানি দিতে হবে। ছায়া যুক্ত স্থানেও পুদিনা গাছ জন্মাতে পারে বিধায় ঘরের মধ্যেও এর চাষ সম্ভব। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।