মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান মরণব্যাধি ক্যান্সারাক্রান্ত। তার স্বপ্ন পড়ালেখা শেষ করে আর্থিক সচ্ছলতার মাধ্যমে পরিবারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। কিন্তু নুসরাতের সেই যাত্রাপথের প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি ক্যান্সার। তবে অসুস্থতার বাধা ডিঙিয়ে বাঁচতে চায় নুসরাত জাহান।
নুসরাত জাহানের পিতা চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ উপ-পরিদর্শক-ক মো. গিয়াস উদ্দিন ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত। গিয়াস উদ্দিন এতদিন চিকিৎসাসেবা চালিয়ে গেলেও আর্থিক অসচ্ছলতার কারণে আর পারছেন না।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান। সে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা যায় নুসরাত ফুসফুস ক্যান্সারে আক্রান্ত।
ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার সময় চিকিৎসকরা জানান, নুসরাতের চিকিৎসা বাংলাদেশে নেই। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে, যা ব্যয়বহুল।
নুসরাতের পিতা মো. গিয়াস উদ্দিন রোববার (২৮ জানুয়ারী) সাংবাদিকদের বলেন, আমার বড় মেয়ে নুসরাত লেখাপড়ায় বেশ মনোযোগী ও মেধাবী। শিশু থেকে ক্লাস ১০ পর্যন্ত প্রতি ক্লাসে মেধানুসারে তার রোল নং ছিল ১ থেকে ৩ এর মধ্যে। আমার মেয়ে বরাবরই বলত, সে উচ্চশিক্ষা লাভ করে দেশের মানুষের জন্য কাজ করবে। কিন্তু আমার সেই মেয়ে আজ মৃত্যুর প্রহর গুনছে। তাই নুসরাতের চিকিৎসার জন্য সমাজের বৃত্তবান ও মানবিক মানুষগুলোর কাছে সহায়তা চেয়েছেন তার পিতা মো. গিয়াস উদ্দিন।
নুসরাত জাহানের জন্য সাহায্য পাঠাতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট মো. গিয়াস উদ্দিন, হিসাব নং-০১০০১২৫৯২৬৪৯০ জনতা ব্যাংক লিমিটেড, চাঁদপুর কো-অপারেটিভ শাখা, চাঁদপুর এর মাধ্যমে।