মেক্সিকোর রাজধানী শহর মেক্সিকো সিটিতে মেট্রোরেল দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন। দেশটির রাজধানী শহর মেক্সিকো সিটির ঠিক দক্ষিণে ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন- সম্পর্ক উন্নয়নে দুবাইয়ে পাক-ভারত গোপন বৈঠক
রাশিয়ান সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধসে পড়ার পর পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে অলিভস স্টেশনে আঘাত করে। স্থানীয় সময় সোমবার (৩ মে) রাত ১১টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল মিলেনিও টিভিতে দুর্ঘটনার একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে মেট্রোর ১২ লাইনটি ট্রেনসহ ভেঙে নিচে থাকা রাস্তা ও গাড়ির ওপর পড়তে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য আরেকটি ভিডিওতে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে জীবিতদের উদ্ধারে মেডিকেল ক্রু ও ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালাতে দেখা যায়।
রাজধানী মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম বলেছেন, দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন এবং ভেঙে পড়া অংশের নিচে একটি গাড়ি এখনো আটকে রয়েছে।