হৃদরোগ এমন এক নীরব ঘাতক, যা বয়স্ক থেকে শিশু প্রায় সব বয়সের মানুষকেই আক্রান্ত করে। যদিও এক সময় ধারণা করা হতো হৃদরোগ কেবল বার্ধক্যকালের অসুখ। তবে এখন তা ভুল প্রমাণ হয়েছে। দিন দিন এই রোগে আক্রান্তের হার বেড়েই চলেছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে অনেকেরই হঠাৎ মৃত্যু ঘটে। সঠিক সময়ে চিকিৎসার অভাবে এই মৃত্যুর হার বেড়েই চলেছে। তাছাড়া আরো একটি কারণ হচ্ছে হৃদরোগে আক্রান্ত হওয়া বুঝতে না পারা।
ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞের মতে, অনেকেই হৃদরোগের লক্ষণগুলো জানেন না এবং বুঝতে পারেন না। তাই বিশ্বে প্রতি বছর শুধু সচেতনতার অভাবে হৃদরোগ আক্রান্ত হয়ে প্রচুর মানুষ মারা যায়।
মূলত নিয়মিত শরীরচর্চার অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নাগরিক জীবন, ধূমপান ইত্যাদি কারণ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই হৃদরোগের ঝুঁকি থেকে বেঁচে থাকতে অবশ্যই এই কারণগুলো থেকে দূরে থাকা উচিত।
বিশেষজ্ঞের মতে, হৃদরোগের লক্ষণগুলো সম্পর্কে জ্ঞান থাকলে অনেকাংশে কমে যায় হৃদরোগে মৃত্যুর ঝুঁকি। চলুন তবে জেনে নেয়া যাক হৃদরোগের উপসর্গগুলো সম্পর্কে-
> হৃদরোগের প্রথম লক্ষণ হচ্ছে বুকে ব্যথা বা অস্বস্তি।
> এছাড়া এতে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়।
> পেটের উপরিভাগের মাঝখানে ব্যথা হয়।
> বাম হাত ও চোয়ালে ব্যথা অনুভব হয়।
> হৃদরোগে আক্রান্ত হলে মাথা ঘোরানোর সমস্যাও দেখা দেয়।
> তাছাড়া শরীরের উপরের অংশ যেমন-পিঠ, কাঁধ, ঘাড় ইত্যাদি স্থানে ব্যথা কিংবা অস্বস্তি থাকে।
এসকল লক্ষণ অনুভূত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এতে করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।