ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বেশ কিছু নাটকের কাজ এরই মধ্যে শেষ করেছেন। তেমনি একটি ‘ধান্দা বাবা’। এই নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা। টিপু আলম মিলনের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন।
নাটকটির বিষয়ে আকাশ রঞ্জন বলেন, আমাদের সমাজের বেশ কিছু অসঙ্গতি রয়েছে। এই নাটকে এমনই একটি অসঙ্গতি তুলে ধরেছি। যার পূর্ণাঙ্গ রূপদান করতে পেরেছেন মীর সাব্বির।
তিনি বলেন, আমাদের সমাজে ভন্ড প্রকৃতির লোকেরা গেট আপ নিয়ে বাবা সেজে মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণার জাল বিছিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দেয়। কথায় আছে বাবার বাবা আছে। কে সেই অদৃশ্য বাবা, এই বাবাদের চরিত্র কেমন? তা জানতে পুরো নাটক দেখতে হবে।
সাত পর্বের এই ঈদ ধারাবাহিকে মীর সাব্বির ছাড়াও আরো অভিনয় করেছেন ফারুক আহমেদ, নাবিলা ইসলাম, মুকুল সিরাজ, নুরে আলম নয়ন, আব্দুল্লাহ রানা, নিশাদ, অবিদ রেহান, আমিন আজাদসহ অনেকে।
নির্মাতা সুত্রে জানা গেছে, আসছে ঈদের সাত দিন সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে ‘ধান্দা বাবা’ নাটকটি প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।