বর্তমান সংকটে শোবিজের অনেক তারকাই অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। সামর্থ্যানুযায়ী অর্থ কিংবা খাদ্যপণ্য দিচ্ছেন। এই তালিকায় নাম লেখালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস। বিপন্ন মানুষদের কষ্ট লাঘবের জন্য রমজান মাস জুড়ে ত্রাণ দিবেন তিনি।
জানা গেছে, সংকটের শুরু থেকেই কিছু পরিবারকে নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছেন হঠাৎ বৃষ্টি খ্যাত এই নায়ক। এ ত্রাণ কার্যক্রম চলছে রাজধানীর ক্যান্টনমেন্ট সংলগ্ন ধামাল কোট ও নিজ গ্রাম কুমিল্লার তিতাস উপজেলায়।
এ বিষয়ে আরো জানা গেছে, স্বেচ্ছাসেবক দিয়ে দরিদ্র পরিবার চিহ্নিত করে সে অনুযায়ী সহায়তা দিচ্ছেন তিনি। এছাড়া যশোরে তার শ্বশুর প্রয়াত সংসদ সদস্য আলী রেজা রাজুর প্রতিষ্ঠানের হয়ে পরিচালিত সহায়তা কার্যক্রমও সমন্বয় করে যাচ্ছেন এ অভিনেতা।
ফেরদৌস বলেন, এ সংকটে বিত্তবানদের সহায়তার হাত প্রসারিত করা উচিত। আমারও একটা লিমিট আছে। হয়তো সেটি পূরণ হয়ে গেলে আমাকেও থেমে যেতে হবে। তবে যতদিন সামর্থ্য থাকবে ততদিনই এ কার্যক্রম চালিয়ে যাব।
ত্রাণ কার্যক্রমেই থেমে নেই এই নায়ক। এর পাশাপাশি করোনাভাইরাস বিরোধী একাধিক মাধ্যম থেকে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছেন। এছাড়াও অভাবে থাকা মেকআপ শিল্পীদের পাশেও দাঁড়িয়েছেন ফেরদৌস। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।