ঠোঁট একজন মানুষের সৌন্দর্য বিকশিত করে। সুন্দর, নরম, কমল এবং ঠোঁটের গঠনই আপনাকে আকর্ষণীয় করে তোলে। জানেন কি, সৌন্দর্য নির্ণয়ের পাশাপাশি ঠোঁট রোগ চিহ্নিতকরণের মাপকাঠিও। অবাক হলেও সত্যি!
বিশেষজ্ঞরা বলছেন, অ্যানিমিয়া থেকে ডায়াবেটিস সব রোগই ধরার মাধ্যম হতে পারে এই ঠোঁট। এর মাধ্যমেই দুটি মারাত্মক রোগ সম্পর্কে আপনি আগে থেকেই জানতে পারবেন।
এক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন ফিজিশিয়ান সুধা মেনন এবং নিউট্রিশনিস্ট অ্যান্ড হোলিস্টিক হেলথ কনসালট্যান্ট কবিতা দেবগণের মত প্রায় একই রকম। তারা দু’জনেই বলেন, প্রাথমিকভাবে ঠোঁট দেখেই বোঝা যায় কারো শারীরিক অবস্থা কেমন। তবে অবশ্যই নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করা প্রয়োজন।
সুধা মেনন বলছেন, শীতকালের শুষ্ক আবহাওয়ার ঠোঁট ফাটা সাধারণ বিষয়। তবে শীত কেটে যাওয়ার পরেও যদি কারো ঠোঁট বেশি ফাটে তাহলে বুঝতে হবে তার শারীরিক কোনো অসুস্থতা রয়েছে। তাই অবশ্যই শরীরের যত্ন প্রয়োজন। প্রথমে বেশি পরিমাণে পানি এবং পুষ্টিকর খাবার খেতে হবে। তাতেও যদি ঠোঁট ফাটা না কমে তবে চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।
কবিতা দেবগণও মোটামুটি একই কথা জানান। তিনি বলেন, শারীরিক যে কোনো সমস্যার প্রকাশ মূলত ঠোঁটের মাধ্যমে হয়। শীতকালীন সমস্যা ভেবে সব সময় ঠোঁট ফাটার মতো ছোট্ট সমস্যাকে এড়িয়ে যাবেন না। হিমোগ্লোবিন কম কিংবা ডায়াবেটিস রয়েছে কিনা, হতে পারে তারও ইঙ্গিত দিতে পারে শুষ্ক ঠোঁট। তাই এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।