জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘টিকা নিয়ে একেক মন্ত্রী একেক ধরনের কথা বলছেন। মন্ত্রীদের কথা এখন আর মানুষ শুনতে চায় না। তাদের বক্তব্যে দেশের মানুষ সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। বাস্তবতা হলো‑সরকার যা করতে বলছে দেশের মানুষ এখন আর তা করতে আগ্রহবোধ করছে না।’
তিনি আরও বলেন, ‘গণটিকা কর্মসূচি সফল করে সারাবিশ্ব যখন সবকিছু স্বাভাবিক করে ফেলছে, তখন আমাদের দেশে শত শত মানুষ এক ডোজ টিকার জন্য সারারাত লাইনে বসে রাত কাটিয়েছেন। বিশেষ করে বয়োবৃদ্ধরা সীমাহীন ভোগান্তিতে রাত কাটিয়েছেন শুধু এক ডোজ করোনা টিকা পাওয়ার আশায়। কারণ গেলো কয়েকদিন তারা বিভিন্ন কেন্দ্রে ঘুরেও টিকা পায়নি। বিশ্বে এমন দুঃখজনক ঘটনা নজিরবিহীন। জাতির জন্য এরচেয়ে লজ্জাজনক সংবাদ আর হতে পারে না।’
আরও পড়ুন- আ’লীগ-বিএনপি স্বৈরতন্ত্রকে জনগনের ওপর চাপিয়ে দিয়েছে: জিএম কাদের
বুধবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে সদস্য প্রয়াত নেতাকর্মীদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।
জাতীয় ওলামা পার্টি আয়োজিত সদ্য প্রয়াত নেতাদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘করোনার চিকিৎসা নিয়ে সরকার অনেক বড় বড় কথা বলেছেন, অনেক আস্ফালন করেছেন। বলেছেন, ‘আমরা নাকি করোনার চেয়েও শক্তিশালী’। অথচ চিকিৎসা পেতে ছুটতে গিয়ে দেশের মানুষ পথে-ঘাটে-গাড়িতে ও অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে। কিন্তু দেশের মানুষ করোনার চিকিৎসা পায়নি।’
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। শোক প্রস্তাব পাঠ করেন, জাতীয় পার্টির দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান এবং স্মরণ সভা সঞ্চালনা করেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।