হার না মেনে এগিয়ে যাওয়াকেই সাফল্যের মূল মন্ত্র বলে মনে করেন হৃতিক রোশন। করোনা মোকাবেলাতেও সেই মন্ত্রেই সকলকে উদ্বুদ্ধ করতে চাইছেন তিনি। আর এই মহামারিতে তিনি নানাভাবে নিজের সামর্থ্য অনুযায়ী দেশের মানুষের পাশে দাঁড়ানোরও চেষ্টা করছেন।
এবার তিনি সিনেমা এবং টেলিভিশনের কলাকুশলীদের সংস্থায় (সিআইএনটিএএ) ২৫ লাখ টাকা দান করলেন।
সিআইএনটিএএ-র সভাপতি অমিত বহেল সম্প্রতি জানিয়েছেন, হৃতিক সিআইএনটিএএ-র অ্যাকাউন্ট নম্বর চেয়ে পাঠিয়েছিলেন। এই ঘটনার পরেই সেখানে ২৫ লাখ টাকা পাঠিয়ে দেন। সিনেমার সঙ্গে যুক্ত অনেকেই দৈনিক মজুরিতে কাজ করেন। স্বভাবতই কাজ বন্ধ থাকায়, সেই সকল মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে গিয়েছে। এই টাকা আমরা সেই মানুষদের মধ্যেই ভাগ করে দেব। অন্তত তাদের যেন অনাহারে দিন কাটাতে না হয়।
এর আগেও বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন হৃতিক। মুম্বাইয়ের বিএমসি কর্মীদের এন৯৫ ও এফএফপি ৩ মাস্ক বিতরণ করেছেন তিনি। এ ছাড়াও একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত মুম্বাইয়ের প্রায় ১ লাখ ২০ হাজার দরিদ্র, শ্রমিক পরিবারের জন্য ও বৃদ্ধাশ্রমে রোজ রান্না করা খাবার পৌঁছে দেয়ারও ব্যবস্থা করেছেন বলিউডের ‘গ্রিক গড’। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।