মন্ত্রিসভা নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৮ দিন বাড়িয়ে ১২০ দিন করার বিধান রেখে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে। সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব মো. মাহবুব হোসেন জানান, বর্তমানে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১১২ দিন। এখন থেকে ৮দিন বাড়িয়ে ১২০ দিন নির্ধারণ করা হয়েছে। নারী শ্রমিকরা তার সুবিধা মতো এ ছুটি নিতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।