মাটিকাটা গর্তের পানিতে ডুবে প্রাণ গেল ৩ ভাই-বোনের। শুক্রবার (১২ মে) দুপুরে পরিবারের সদস্যদের অলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ার বাদুরতলীসংলগ্ন জিয়া কলোনিতে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো- অটোচালক সোহেল ফকিরের ছেলে রুমান (৭), মেয়ে শারমিন (৫) ও ভাই রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮)।
এলাকাবাসী জানায়, শুক্রবার (১২ মে) দুপুরে বাবা-মা ঘরে না থাকায় দাদি শেফালী বেগমের কাছে ছিল ওই তিন ভাই-বোন। এ সময় বাড়ির পাশেই খেলা করছিল তারা। দুপুরের দিকে স্থানীয় এক প্রতিবেশী গরুকে পানি খাওয়ানোর জন্য ওই গর্তে জমে থাকা পানি তুলতে গেলে গর্তের পানিতে এক শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। এ সময় তিনি দ্রুত ওই শিশুকে পানি থেকে ওঠাতে গেলে ডুবন্ত অবস্থায় আরও দুই শিশুর মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তিনি চিৎকার দিলে স্থানীয়দের সহায়তায় ৩ শিশুকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ নিহত শিশুদের বাড়ি গিয়ে ৩ শিশুর মরদেহের সুরতহাল সম্পন্ন করে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কলাপাড়া থানার এসআই হুমায়ুন কবীর।