ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সুমন নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার(৮ নভেম্বর) ভোর রাতে ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার শিলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সুমন উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আ. মান্নানের ছেলে।
বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ নম্বর ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন, অবৈধ ভাবে সুমন গরু আনতে ভারতে যান। রোজ শুক্রবার ভোর ৪টার সময় গরু নিয়ে ফেরার পথে ৬০/ ১৩৩ -১৩৪ আর পিলারের মাঝ খানে শিলগেট এলাকায় ভারতের ৩০০ গজ ভেতরে পাখিউড়া ক্যাম্পের বিএসএফের টহল দলের সামনে পড়ে।
এ সময় বিএসএফ সদস্যরা সুমনকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই সে নিহত হন। এরপর নদীয়া জেলার হাঁসখালী থানার পুলিশ এসে লাশ নিয়ে যায়। তিনি আরো জানান, সুমনের লাশ ফেরত আনার ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করা চেষ্টা চলছে।