শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী নিপুণ।
এ চিত্রনায়িকার অভিযোগ, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন জায়েদ খান। নির্বাচনী বিধি অমান্য করে ভোট চাইছেন তিনি।
শুক্রবার দুপুরে সাংবাদিকদের ডেকে নিপুণ অভিযোগ করেন, ‘এফডিসির প্রবেশ পথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। জায়েদ চাদর পরে এসেছেন এবং ভোটারদের কাছে গিয়ে চাদরের তল দিয়ে টাকা ধরিয়ে দিচ্ছেন। আমি কাছে গেলে তিনি দ্রুত কয়েকবার জায়গা থেকে সরে যান।’
জানা গেছে, বেলা ১১টার সময় নির্বাচন কমিশন বরাবর মৌখিকভাবে এ অভিযোগ করেন নিপুণ।
সাংবাদিকদের কাছে অভিযোগ তোলার সময় নিপুনের কাছেই দাঁড়িয়েছিলেন জায়েদ খান।
তিনি নিপুণের সব অভিযোগ অস্বীকার করেন। বলেন, ‘শীতের দিনে চাদরই তো পরব। আর পাঞ্জাবির সঙ্গে সবাই চাদর পরেন। আর এটা কি ইউনিয়ন পরিষদ নির্বাচন যে টাকা দেব? তারাও তো (ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল) ভোট চাইছেন। তাহলে আমার দোষ কোথায়? আমি আসলে ভালো কাজ করেছি তাই আমাকেই আটকাতে চাচ্ছেন।’
সাংবাদিকদের উদ্দেশ্যে জায়েদ খান আরো বলেন, এখানে যা হচ্ছে সব প্রকাশ্যে। সবাই ভোটারদের কাছে ভোট চাইছে, জড়িয়ে ধরছে, কথা বলছে। এটাকে তারা টাকা দেওয়া হচ্ছে বলে চালিয়ে দিলেন। এগুলো আসলে ছোট মানসিকতা। এটা ঠিক না। আপনারা সাংবাদিকরা সবাই এখানে দাঁড়িয়ে আছেন। সবই দেখছেন, বুঝছেন। এখানে সিসি ক্যামেরাও আছে। তাদের এসব ভিত্তিহীন অভিযোগ তোলা ঠিক নয়। নির্বাচনের ইমেজ নষ্ট হয় তাতে। আমিও নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ দেব।
প্রসঙ্গত, শুক্রবার সকাল সোয়া ৯টা থেকেই শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। যে কারণে এ মুহূর্তে তারকায় ঠাসা এফডিসি। বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপরই জানা যাবে ফলাফল।