ভূমি সহকারী কর্মকর্তাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর কাঁঠালতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মো. ইউনুস নামে ঐ ভূমি কর্মকর্তাকে মুমূর্ষু অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় ইউনুসের দুই পা ও হাতে জখম হয়। এ সময় তার কাছে থাকা একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা ভেঙে ফেলে।
আহত ইউনুস জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি অফিসের কাজ শেষে মোটরসাইকেলে লোহাগড়া শহরের বাসায় ফিরছিলেন। পথে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের রামকান্তপুর কাঁঠালতলা নামক স্থানে পৌঁছলে ৪-৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর তারা লাঠিসোটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আহত করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, হামলার বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।