কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভারতীয় সীমান্তের জিরো পয়েন্টের কাছ থেকে জরিনা বেগম (৩০) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার(২১ অক্টোবর) বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম বাগভান্ডার গ্রামের মিজানুর রহমানের স্ত্রী জরিনা বেগম গতকাল রবিবার থেকে নিখোঁজ ছিলেন। আজ সোমবার সকালবেলা ভারতের সাহেবগঞ্জ এলাকার জিরো পয়েন্টের কাছে একটি নালার পানিতে ভেসে থাকা লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির সাংবাদিকদের জানান, মৃত জরিনা বেগম মৃগী রোগী ছিলেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ভারতীয় কোনো কবিরাজের কাছ থেকে ওষুধ আনতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।