এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মানদণ্ড অনুযায়ী, এখন ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা ৩০১-৪০০। যা সুস্থ ও স্বাভাবিক মানুষের শ্বাসকষ্ট এবং অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে।
এমন স্বাস্থ্যঝুঁকির আশংকা নিয়েও সেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলল বাংলাদেশ। এজন্য দুই দলকে ধন্যবাদ জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)নয়া প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই শংকা জাগে। তবে সব সংশয় দূরে ঠেলে গতকাল রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামেন সফরকারীরা। শেষ অবধি জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেন মাহমুদউল্লাহরা।
ম্যাচ শেষে সঙ্গে সঙ্গে টুইট করেন সৌরভ। সেখানে তিনি লেখেন, এমন বিরূপ পরিবেশে খেলার জন্য দুই দলকেই ধন্যবাদ। অভিনন্দন বাংলাদেশ।
আগামী ৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে রাজকোটে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। এ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চান প্রথম ম্যাচের জয়ের নায়ক মুশফিকুর রহিম। তৃতীয় ও শেষ ম্যাচটি গড়াবে ১০ নভেম্বর নাগপুরে। ম্যাচটাকে কেবল আনুষ্ঠানিকতার বানিয়ে ফেলতে চান তিনি। খবর যুগান্তর।