ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি তার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, অপূর্বের হাতে গিটার, পাশে বসা তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশ। অপূর্ব গিটার বাজিয়ে গাইতে শুরু করলেন ‘ওরে নীল দরিয়া…’, একটু একটু করে তার সঙ্গে গানটিতে কণ্ঠ মেলাতে শুরু করে ছেলে আয়াশও।
নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করেছেন অপূর্ব নিজেই। ক্যাপশনে লেখেন, ‘সবচাইতে প্রিয় গান…। ’
এতে বাবা-ছেলেকে একসঙ্গে গাইতে দেখা গেল ‘সারেং বউ’ সিনেমার জনপ্রিয় গানটি।
মুহূর্তের মধ্যে গানটি অপূর্বভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই অপূর্ব ও তার ছেলের একসঙ্গে গাওয়া আরো গান শোনানোর অনুরোধ জানান।
২০১৮ সালের ঈদুল আযহায় নির্মাতা শিহাব শাহীনের ‘বিনি সুতার টানে’ নাটকে বাবার সঙ্গে প্রথমবারের মতো টিভি পর্দায় হাজির হয়েছিল ছোট্ট আয়াশ। তখন তার বয়স ছিল মাত্র সাড়ে তিন বছর। নাটকটি প্রচারের পর বেশ সাড়া ফেলে। পর্দায় বাবা-ছেলের অভিনয় দর্শকদের মন জয় করে।
টেলিভিশনে প্রচারের পর নাটকটি প্রকাশ পায় ইউটিউবে। এটি কোটি ভিউরও মাইলফলক পার করে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।