ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৯ ডিসেম্বর) সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীকের জন্য মনোনয়নপত্র জমা দেন। তার মনোনয়নপত্র নিয়ে সরাইল উপজেলা নির্বাচনি কার্যালয়ে উপস্থিত ছিলেন তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার।
মনোনয়ন দাখিল শেষে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাহিরে। আমার বাবা আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে নির্বাচন করেছিলেন। আর ভাগ্যের কী পরিকল্পনা- বিএনপির জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া চাই। আমার এলাকার জনগণ ও কর্মী-সমর্থকরা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন- সেটার আস্থা যেন রাখতে পারি।