চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আরকান সড়কের নতুন রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, আরকান সড়কের নতুন রাস্তার মাথা এলাকায় দ্রুতগামী ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে কালুরঘাটের দিকে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত মোটর সাইকেল আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, পুলিশ নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।##