টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ব্যস্ত একটি বছর কাটাতে হবে তাদের। এজন্য আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের প্রথম দুটিতে বিশ্রাম দেওয়া হয়েছে অলরাউন্ডার জেসন হোল্ডারকে।
ইংল্যান্ডের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে অপরাজিত ২০২ রানে ২০১৯ সাল শুরু করেছিলেন হোল্ডার। সব মিলিয়ে ৩৪৪ রান ও ২০ উইকেট নিয়ে শীর্ষ অলরাউন্ডার হিসেবে বছরটা শেষ করেন তিনি। গত বছরের ক্লান্তি কাটানোর সময় দিতে ৭ ও ৯ জানুয়ারির ম্যাচে দলের বাইরে রাখা হলো তাকে।
গত বছরের ডিসেম্বরে ভারতের কাছে ওয়ানডেতে ২-১ এ সিরিজ হারা দল থেকে শুধু হোল্ডারকে বাদ দেওয়া হয়েছে। এতে আইরিশদের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দল ১৫ থেকে কমে ১৪ জনের হলো। জুনে ইংল্যান্ডের মাটিতে তিন টেস্ট ও জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে উইন্ডিজ। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ।
হোল্ডারের ওপর থেকে চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান নির্বাচক রজার হার্পার, ‘গত বছর অনেক ব্যস্ততা গেছে হোল্ডারের, তার ওপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এ বছর খুব গুরুত্বপূর্ণ, তাতে করে তার প্রাণচাঞ্চল্য ফেরাতে এটাই বড় সুযোগ মনে হয়েছে আমাদের। আমরা চাই তিনি তার সেরাটা দিতে প্রস্তুত হোক, কারণ ২০২০ সালে তিনি আমাদের টেস্ট অধিনায়ক। টেস্টের এক নম্বর অলরাউন্ডার এবং সীমিত ওভারের ক্রিকেটেও গুরুত্বপূর্ণ সদস্য।’
দুই দলের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে শেষ ওয়ানডে হবে ১২ জানুয়ারি।খবর বাংলা ট্রিবিউন।