ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিল থেকে মো. হোসাইন (৭) ও মুরছালিন মিয়া (৫) নামের দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুদাইল্লা বিল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
নিহত শিশু মো. হোসাইন (৭) ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের জাহাঙ্গির আলমের ছেলে ও একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে শিশু মুরছালিন মিয়া।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকাল থেকে শিশু দুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান পায়নি। পরে রাতে শিশুর পরিবারের পক্ষ থেকে বিজয়নগর থানায় একটি অভিযোগ জানানো হয়।
আরও পড়ুন- আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ বলেন, আজ সকালে লোকজন থেকে খবর পেয়ে বিলে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এখন লাশের বিষয়ে কিছু বলা যাচ্ছেনা।
ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং তদন্ত শেষে ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।