ঈদের আমেজ এখনো কাটেনি অনেকের। আর ঈদ মানেই মিষ্টি মুখ। এছাড়াও বিকেলের নাস্তায় শিশুদের আবদার থাকে মিষ্টি খাবারের। সেক্ষেত্রে অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় এমন খাবারই ভালো।
এতে আপনার সময়ও বাঁচবে সেই সঙ্গে সন্তানের বা প্রিয় মানুষের আবদারও মিটবে। বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করতে পারেন জর্দা সেমাই। অল্প উপকরণে আর কম সময়েই তৈরি করতে পারবেন। রইল রেসিপিটি-
উপকরণ: সেমাই এক প্যাকেট, ঘি ৪ টেবিল চামচ, চিনি দুই কাপ, কিশমিশ, চীনা বাদাম পছন্দ মতো, কুরানো নারকেল এক কাপ, তেজপাতা ২ টি, দারুচিনি তিন টুকরা, লবণ স্বাদমতো, পানি ২ কাপ।
প্রণালী: প্রথমে কড়াইতে ঘি দিয়ে সামান্য গরম করে চিনি দিন। এবার প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা ঢেলে ১০ থেকে ১৫ মিনিট নাড়তে থাকুন। যাতে সেমাইটা ঘিয়ে ভাজা হয়। এরপর এতে কুরানো নারকেল দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর পানি দিয়ে আঁচ কমিয়ে নাড়ুন।
পানি শুকিয়ে আসলে বাদাম, কিশমিশ, তেজপাতা, দারুচিনি দিয়ে আরো ১০ মিনিট হালকা আঁচে দমে রান্না করুন। চাইলে কিছুটা খাবারের রং মিশাতে পারেন। সেমাই ঝরঝরে হলে নামিয়ে পরিবেশন করুন মজাদার জর্দা সেমাই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।