নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে তাদের সময়ের মধ্যেই আসতে হবে। নির্ধারিত সময়ের পরে এলে তা গ্রহণযোগ্য হবে না। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করবে। এ নির্বাচন কিভাবে করা যায় তারই একটা প্রস্তুতি সভা করলাম। রাজশাহী বিভাগের যারা এ নির্বাচনের কাজে সংশ্লিষ্ট তারা সবাই এসেছেন। তারা আমাকে আশ্বস্ত করেছেন, আমরা বিধি মেনে নির্বাচন করতে চাই। যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারেন।
রাশেদা সুলতানা বলেন, নির্বাচনি চ্যালেঞ্জ তেমন কিছুই না। নির্বাচনি চ্যালেঞ্জ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে নিয়ে কাজ করার। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েন বরাবরই হয়ে এসেছে। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটার উপস্থিতির ব্যাপারটা বলা খুব কঠিন। আগেই আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না। তবে আমরা ভোটারদের সচেতন করার জন্য ব্যবস্থা নিয়েছি। ভোটার আনার দায়িত্ব কমিশনের না- এটা প্রার্থীর দায়িত্ব। উনারাই ভোটার আনার ব্যাপারে দায়িত্বশীল থাকবেন। তবে ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেই পরিবেশ আমরা নিশ্চিত করব।
বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে সভা আছে। বিদেশি পর্যবেক্ষকদের সাড়া পাচ্ছি। আমরা তাদের ওয়েলকাম করি। আমরা চাই যে যত বেশি দেশি-বিদেশি পর্যবেক্ষক আসবে তত বেশি ভোটের কার্যক্রমে স্বচ্ছতা আসবে। আচরণবিধি কেউ ভঙ্গ করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ কবীরের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বিপিএম (বার), রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।