করোনাকালে বিভিন্ন খাতের জন্য সরকার ঘোষিত প্রণোদনাকে ঋণনির্ভর আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন দায়সারা রাজনীতির দিন শেষ। কারণ নতুন প্রজন্ম প্রতারণার রাজনীতি চায় না। বিএনপির রাজনীতিতেও পরিবর্তন আসতে শুরু করেছে।
বৃহস্পতিবার বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে মহামারী করোনাভাইরাসের ভয়াবহ দুর্যোগে ‘করোনা মহামারী: বাংলাদেশে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, বর্তমান সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে; সেটা সম্পূর্ণ ব্যাংকের ঋণের ওপর নির্ভরশীল। আসলে সরকার প্রণোদনার নামে জনগণের চোখে ধুলা ছিটিয়ে মিথ্যাচার করছে। আজকে কৃষক আরও ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাদের ঋণ বাড়ছে। আস্তে আস্তে তাদের পুঁজি শেষ হচ্ছে। তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
‘বর্তমানে দেশের নতুন ও শিক্ষিত প্রজন্ম পরিবর্তন চায়। তাদের প্রত্যাশা পূরণে আমাদেরকে সে পথেই রাজনীতি করতে হবে। যারা রাজনৈতিকভাবে বেনিফিসিয়ারি তাদের কথাগুলোকে আমলে নিয়ে রাজনীতি করতে হবে।’
তিনি বলেন, আজকে রাজনীতিতে শিক্ষিত গোষ্ঠী কমছে। সেটাকে ফিরিয়ে আনতে হবে। নতুন প্রজন্ম কিন্তু আপডেট। তাদের চাওয়াগুলোকেও প্রাধান্য দিতে হবে। না হলে এগোনো যাবে না। রাজনৈতিক নীতি বা উদ্দেশ্যটা তাদের কাছে পরিষ্কার করতে হবে। শুধু বড় বড় বক্তব্য দিয়ে ছন্দময় কথা বললে হবে না। এখন সবাই পরিবর্তন চায়।
তিনি বলেন, করোনা পরবর্তী জীবন বদলাবে। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি ও পেশার পরিবর্তন ঘটবে। দেশপ্রেমিকের সংজ্ঞাও বদলাবে। সুতরাং যারা করোনা পরিস্থিতিতে কাজ করবে তারাই প্রকৃত দেশপ্রেমিক। ইতিমধ্যে দেশের রাজনীতিতে পরিবর্তন শুরু হয়েছে।
‘বিএনপির রাজনীতিতেও পরিবর্তন শুরু হয়েছে। বিএনপির রাজনৈতিক কাঠামোতে আরও পরিবর্তন আনতে হবে। সবার সহযোগীতায় বিএনপিতে আরো বড় পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেন।’
বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত সেমিনারে অংশগ্রহণ করেন বিএনপির শিক্ষা সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম প্রমুখ। খবর যুগান্তর।