জয়পুরহাটের কালাইয়ে বাড়ির জায়গার বিরোধের জের ধরে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা আবদুল আলীম মারা যান। নিহত আবদুল আলীম (৪৫) গ্রামতলা গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে। অভিযুক্ত ছেলের নাম রিজভী (২০)। এ ঘটনায় রিজভী ও তার স্ত্রী জান্নাতিকে (১৮) জেলার পাঁচবিবির উপজেলার শেকটা গ্রাম থেকে কালাই থানা পুলিশ বুধবার সন্ধ্যার পর তাদের গ্রেফতার করেছে।
নিহতের চাচাতো ভাই তাইজুল ইসলাম বলেন, আমরা সবাই মিলে গ্রামতলা গ্রামে বসবাস করতাম। ৩ বছর আগে আলীম আনিপুকুর বাজারে এসে নতুন বাড়ি করে বসবাস করছেন। প্রথম স্ত্রীর ছেলে রিজভী প্রায়ই জমির ভাগ নিতে বাড়িতে এসে বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হতেন। সোমবার রাতে বাড়িতে এসে কুড়াল দিয়ে আলীমকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। আমরা আলীমকে প্রথমে কালাই হাসপাতালে নেই। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বগুড়ায় স্থানান্তর করেন। আজ বুধবার (২২ নভেম্বর) সকালে তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য ও নিহতের ভগিনীপতি হেলাল উদ্দিন বলেন, আলীমের ছেলে প্রায়ই জমির ভাগ নিতে বাড়িতে এসে বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে যেত। এর আগে আলীম আমাকে এ বিষয়ে অবগত করেছিল।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, আব্দুল আলিমের বড় ছেলে বাবলু ফকির সৎ ভাই রিজভী এবং তার স্ত্রী জান্নাতির বিরুদ্ধে হত্যা মামলা করেন। পাঁচবিবির উপজেলার শেকটা গ্রাম থেকে আমরা বুধবার সন্ধ্যার পর তাদের গ্রেফতার করতে সক্ষম হই।