বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন আলী রাজ (১৮)। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামে।
ইউপি মেম্বর মইন উদ্দিন মমিন জানান, কয়া উত্তরপাড়ার মোশারফ হোসেনের ছেলে আলী রাজ। পেশায় রাজমিস্ত্রির সহকারী। তাঁদের বাড়িতে ১০-১২টি গরু আছে। গতকাল শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাবা তাঁকে গরুর জন্য ঘাস কাটতে বলেছিলেন।
আরো পড়ুন: রামপালে পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু
কিন্তু ঘাস না কাটায় সন্ধ্যায় মোশারফ হোসেন ছেলেকে বকাঝকা করেন। বাবার বকা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান আলী রাজ। রাতে আর বাড়ি ফেরেননি। আজ রোববার (২৫ জুলাই) সকালে গ্রামবাসী বেলের মাঠ আম বাগানে গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। এরপর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জীবননগর থানার ওসি মো. সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।###